জিন জে’র অকাল প্রস্থান

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৫:৪১ পিএম

মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন চীনের জনপ্রিয় অভিনেতা জিন জে। শনিবার (৬জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে তার এজেন্সি। বিবৃতিতে জানানো হয়, ৪ জুন চীনের হাংঝৌ শহরে নিজ বাসভবনে মারা যান জিন জে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। 

বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চুক্তিবদ্ধ শিল্পী জিন জে (আসল নাম ঝাং জিয়াওয়েই) ২০২৬ সালের ৪ জুন হাংঝৌয়ে তার বাসভবনে মারা গেছেন।’ 

এজেন্সি আরও জানায়, ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি শানতুং প্রদেশের ওয়েইহাই শহরে জন্ম নেওয়া জিন জে ছিলেন একজন প্রতিভাবান তরুণ অভিনেতা ও মডেল। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

জিন জের মৃত্যুর খবরে চীনের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অল্প বয়সে তার আকস্মিক মৃত্যু শর্ট ড্রামা–জগতের জন্য বড় এক ক্ষতি বলে মনে করছেন অনেকেই। পর্দায় তাঁর প্রাণবন্ত উপস্থিতি ও জনপ্রিয়তা তাকে নতুন প্রজন্মের অন্যতম পরিচিত মুখে পরিণত করেছিল। 

ফ্যাশন–জগত থেকেই ক্যারিয়ার শুরু করেছিলেন জিন জে। তিনি বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করার পর মডেল হিসেবে কাজ শুরু করেন। পরে অভিনয়ে পা রাখেন এবং বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পান। 

তবে সাম্প্রতিক বছরগুলোতে শর্ট ড্রামা বা মাইক্রো ড্রামার মাধ্যমে তাঁর জনপ্রিয়তা দ্রুত বেড়ে যায়। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত এসব স্বল্পদৈর্ঘ্যের ধারাবাহিক তাঁকে নতুন প্রজন্মের দর্শকের কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত