চন্দনাইশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) দিনব্যাপী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং—এই চারটি প্রধান বিভাগের ২১টি ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আবদুর রহমান বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।’
দিনব্যাপী চলা এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার ও পদক বিতরণ করেন।