টেকনাফে বজ্রপাতে সাগরপারের দোকান ক্ষতিগ্রস্ত

আপডেট : ০৮ জুন ২০২৬, ০১:২১ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে বজ্রপাতে সাগরপারের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় দোকানে কেউ অবস্থান না করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাত হলে সাগরতীরবর্তী একটি দোকানে বজ্রপাতের আঘাত লাগে। এতে দোকানটির টিনের ছাউনি, বেড়া এবং ভেতরে থাকা কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। বজ্রপাতের বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ‘বেড়িবাঁধের পাশে আমার দোকানের পাশেই ইব্রাহিমের দোকানটি ছিল। বজ্রপাতে দোকানটির কিছু অংশে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমার দোকানটি অক্ষত রয়েছে। বৃষ্টির কারণে ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল এবং সেখানে কোনো কর্মচারী বা ক্রেতা উপস্থিত ছিলেন না। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও তা এড়ানো সম্ভব হয়েছে।’

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মোহাম্মদ ইব্রাহিম জানান, ‘দক্ষিণপাড়া বেড়িবাঁধে আমার একটি ছোট দোকান ছিল। সকালে বজ্রপাতের কারণে দোকানের কিছু অংশ ও মালামালের ক্ষতি হয়েছে। শাহপরীর দ্বীপে আগত পর্যটকদের জন্য পানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য বিক্রি এবং সেবা দেওয়ার উদ্দেশ্যে দোকানটি পরিচালনা করতাম।’

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, ‘সকালে হঠাৎ বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হয়। এ সময় দক্ষিণপাড়া বেড়িবাঁধের পাশে একটি ছোট দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেনেছি। বেড়িবাঁধের পাশে পর্যটকদের জন্য নাস্তা ও পানি বিক্রির উদ্দেশ্যে এ ধরনের বেশ কয়েকটি ক্ষুদ্র দোকান গড়ে উঠেছে।’

এদিকে আবহাওয়া খারাপ থাকায় উপকূলীয় এলাকায় বসবাসকারী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, সমুদ্রসৈকত ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত