আত্মসমর্পণ করলেন অভিনেতা যাহের আলভী

রাজধানীর মিরপুরে স্ত্রী আফরা ইভনাথ ইকরার রহস্যজনক মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা যাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভুঁইয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন)  দুপুরে ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জানান, আজেই এ আবেদনের বিষয়ে শুনানি হবে। 

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসর বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। 

ঘটনার দিনই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি। যাহেরের আবেদনে বলা হয়, এ আসামি ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়। তার স্ত্রী আত্মহত্যা করে করে মারা গেছে। তাদের শিশু পুত্র সন্তান রয়েছে। আসামি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বিনা শর্তে বা যেকোনো শর্তে জামিন চাওয়া হয়েছে। 

এর আগে গত ৪ জুন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ'র আদালতে আত্মসমর্পণ করে জামিন পান যাহের আলভীর মা নাসরিন সুলতানা। স্ত্রীর মৃত্যুর সময় বিদেশে থাকা যাহের আলভীর আইনজীবী উচ্চ আদালতে আর্জি জানান যে, তিনি দেশে ফিরলে যেন গ্রেপ্তার বা হেনস্তা না করা হয়। আদালত যাহের আলভীর পক্ষেই আদেশ দেন। এ আদেশের পর ৫ জুন দেশে ফেরেন যাহের আলভী।