ভাঙা পা নিয়েই মেসিদের খেলা দেখলেন পরী

সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রতিনিয়ত নিজের আপডেট জানান চিত্রনায়িকা পরীমনি। সামাজিক মাধ্যমে বেশ সরব চর্চিত এই অভিনেত্রী সুখ-দুঃখ প্রায় সব ভাগ করে নেন ভক্ত-অনুসারীদের মাঝে। কিন্তু শুক্রবার তার প্রকাশ করা দুটি ভিডিও দেখে রীতিমতো মন ভেঙে যায় তার ভক্তদের। কারণ, স্বাভাবিকভাবে চলতে হুইলচেয়ার ব্যবহার করতে হয়েছে পরীমনিকে! 

আর সেই পা নিয়েই পরের দিন শনিবার (৪ জুলাই) ভোরে ছেলের সঙ্গে বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগ করেন এই নায়িকা। সেই খেলা দেখার কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি সামাজিক মাধ্যমে। তবে ছবির সঙ্গে কোনো ক্যাপশন দেননি পরী। কীভাবে, কী হয়েছে- তাও স্পষ্ট করেননি নায়িকা। তবে তার আগে দুটি ভিডিও শেয়ার করা ভিডিওতে দেখা গেছে তার বাম পায়ে প্লাস্টার দেখা যায়। প্রথম ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'ঠ্যাং (পা) এ নজর লেগেছে।' 

এরপর তার প্রকাশ করা পরের একটি ভিডিওতে দেখা যায়, ব্যান্ডেজ ও প্লাস্টার করা পা নিয়ে হুইলচেয়ারে বসে আছেন, আর সেটি সম্ভবত কোনো হাসপাতালে। হঠাৎ করে প্রিয় নায়িকার এমন অবস্থা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- কী হয়েছে পরীমনির? 

নায়িকার ভক্তদের অনুমান, বিষয়টি নিয়ে মজার ছলে ভিডিও প্রকাশ করলেও একটা যন্ত্রণা অনুভব করছেন এই নায়িকা। কেউ কেউ ধারণা করছেন, ভিডিওগুলো হাসপাতাল থেকে ধারণ করা। তবে এই পোস্ট দুটি প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা কমেন্ট বক্সে তার দ্রুত সুস্থতা কামনা করছেন। তবে পরীমনির সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি।