সেন্সর বোর্ডে আটক সালমানের ‘মাতৃভূমি’

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০২:১৫ পিএম

ফের জটিলতায় বলিউড তারকা সালমান খানের সিনেমা। নাম পাল্টিয়ে ‘ব্যাটল অব গালওয়ান’ থেকে ‘মাতৃভূমি’ করা হলেও সেন্সর বোর্ড আটকে দিল সিনেমাটিকে। ফলে আরেক দফা পিছিয়ে গেল সিনেমার মুক্তি। 

চলতি বছরের এপ্রিল মাসেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সেই সময় ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এরপর ছবিটির নাম পরিবর্তন, বেশ কিছু দৃশ্যের পুনর্নির্মাণ এবং এবার সেন্সর বোর্ডের ছাড়পত্র আটকে যাওয়ার খবর সামনে আসায় ছবিটি ঘিরে ধোঁয়াশা আরও বাড়ল। নির্মাতারা এখনও নতুন কোনও মুক্তির তারিখ ঘোষণা করেননি। 

এক রিপোর্ট অনুযায়ী, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বা ভারতের সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র সাময়িকভাবে স্থগিত রেখেছে। তবে এই শংসাপত্র সংক্রান্ত জটিলতা নিয়ে ছবির নির্মাতা বা প্রযোজকদের পক্ষ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। 

ছবিটি পরিচালনা করেছেন ‘জঞ্জির’ ও ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া। ছবিটির নাম বদল নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে পরিচালক অপূর্ব লাখিয়া আগেই জানিয়েছিলেন, ‘সালমান স্যারের ভক্তদের কাছে এই নাম বদলটা হঠাৎ মনে হতে পারে, কিন্তু এটা রাতারাতি নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। একদম শুরু থেকেই আমরা দুটি নাম রেজিস্টার করে রেখেছিলাম— ‘ব্যাটল অব গালওয়ান’ এবং ‘মাতৃভূমি’। ছবিটা তৈরি করার সময় আমরা উপলব্ধি করি যে এটি শুধু একটা যুদ্ধের গল্প নয়। এর গভীরে লুকিয়ে রয়েছে মানবিকতা, সহানুভূতি এবং আমাদের দেশের সৈনিকদের এক নীরব লড়াইয়ের কাহিনী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত