কথা ঘোরালেন হাসান মাসুদ, গণমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

‘অভিনয় আর করছি না। এখন ধর্মে-কর্মে মন দিচ্ছি।’ হজ পালন শেষে দু’দিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন সাংবাদিকতা থেকে অভিনয়ে আসা হাসান মাসুদ। জনপ্রিয় এই অভিনেতার সেই মন্তব্য এখন নেটদুনিয়ায় ভাইরাল। বিষয়টি নিয়ে দেশের প্রায় সব কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনও করেছে। 

তাহলে কি অভিনয় থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন এই অভিনেতা? সেই প্রশ্নের উত্তরে ভক্তরা খুশি হলেও বিস্ময় প্রকাশ করেছে নগণমাধ্যমকর্মীরা। হাসান মাসুদ জানালেন, অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। বরং তার বক্তব্য ভুলভাবে বোঝা হয়েছে। বিষয়টি নিয়ে শুরু দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।’ 

ভালো গল্প ও চরিত্র পেলে এখনো অভিনয়ে ফিরতে আগ্রহী হাসান মাসুদ। পাশাপাশি ধর্মচর্চার সঙ্গে অভিনয়কে সাংঘর্ষিক বলেও মনে করেন না তিনি। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন। গত চার-পাঁচ বছরে যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই জানেন যে আমি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি। শুটিংয়ের সময় সবাই আমাকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন। আমি চেষ্টা করতাম ওই সময়ে যেন আমার কোনো দৃশ্যের শুটিং না থাকে।’ 

হজ করে দেশে ফেরার পর এরই মধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলেও জানান হাসান মাসুদ। পছন্দসই গল্প ও কাজের প্রস্তাব পেলে ভবিষ্যতেও অভিনয় করবেন তিনি।