হাসপাতালে শ্বেতা তিওয়ারি

আজ বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় মৌসুম। শো শুরুর ঠিক আগে খবর এল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। 

‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। 

সম্প্রতি ব্যক্তিগত জীবন ও পেশাগত নানা বিষয় নিয়ে আলোচনায় ছিলেন শ্বেতা। এর মধ্যেই তার অসুস্থতার খবর সামনে আসায় অনুরাগীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। শ্বেতা সুস্থ হয়ে নির্ধারিত সময়ে শুটিং বা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন কি না, এখন সেটিই ভক্তদের বড় কৌতূহল। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এদিকে এসব বিতর্কের বাইরে বর্তমানে শ্বেতার শারীরিক সুস্থতাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ভক্তরা আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন এবং ‘দ্য ট্রেইটর্স’-এর দ্বিতীয় মৌসুমেও অংশ নিতে পারবেন।