শুটিং করতে থাইল্যান্ডে দুর্ঘটনার কবলে পড়ে সাময়িক বিশ্রামে থাকলেও কাজের দিক থেকে ব্যস্ত সময়ই পার করছেন অভিনেতা খায়রুল বাসার। একের পর এক নাটকের সাফল্য ও নতুন কাজের খবর এই অভিনেতার ক্যারিয়ারে যোগ করছে নতুন মাত্রা।
এরই মধ্যে এই অভিনেতার জন্য এসেছে একাধিক সুখবর। প্রথম সুখবর, খায়রুল বাসার অভিনীত একক নাটক ‘পথহারা মন’ অল্প সময়েই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি এরই মধ্যে ১২ মিলিয়ন বা এক কোটি ২০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।
অন্যদিকে চূড়ান্ত হয়েছে বাসারের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’র মুক্তির তারিখও। নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।
নাটকটিতে আদিল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। চরিত্রটি নিয়ে আশাবাদী এই অভিনেতা। তার মতে, পারিবারিক ঘরানার গল্পের এই নাটকে দর্শক একদিকে যেমন পরিচিত জীবনের নানা ছায়া খুঁজে পাবেন, অন্যদিকে সম্পর্কের টানাপোড়েন ও নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া গল্পও দর্শকের মনে দাগ কাটবে।
এদিকে সম্প্রতি আরটিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান অভিনীত নতুন একক নাটক ‘সরল জটিলতা’। আসাদুজ্জামান সোহাগের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব।