লালমনিরহাটের কালীগঞ্জে ইউসুফ আলী (৪৫) নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে নির্যাতিত মেয়েটির মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত ইউসুফ আলী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর (কানার বাজার) এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুরের 'নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয়দের বরাতে জানা যায়, অভিযুক্ত ইউসুফ আলী ওই পরিবারের সঙ্গে সুসম্পর্কের সুযোগে নিয়মিত তাদের বাড়িতে যাওয়া-আসা করতেন। গত বৃহস্পতিবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা এক অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে গেলে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। মেয়েটি চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান অভিযুক্ত।
পরে ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
লালমনিরহাট সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের দায়িত্বরত মিডওয়াইফ স্মৃতি রাণী জানান, প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষায় ওই কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে অভিযুক্ত এবং তার স্বজনরা তথ্য গোপন রাখতে ভয়ভীতি দেখানোর পাশাপাশি হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর মা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।