হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজায় সাবেক এমপি মোতাহার হোসেনের বাড়ির সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হাতীবান্ধা থানা পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় মহাসড়কের পাশে একটি সাদা রঙের প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়।

পরে পুলিশ গাড়িটির কাছে গেলে কয়েকজন ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাদের ধাওয়া করে গাড়ির ভেতর থেকে একজনকে আটক করে। পরবর্তীতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সোহরাব হোসেন (৪০), বরিশালের গৌরনদী উপজেলার আলআমিন (৩৪), পাবনার সাঁথিয়া উপজেলার আমিনুল ইসলাম (৪৭) এবং রংপুরের কোতোয়ালি থানার মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলার থানায় ডাকাতি, মানব পাচার ও চুরির মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় তাদের বিরুদ্ধে সাজা ওয়ারেন্টও রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দেশীয় অস্ত্র, ব্যাটারিচালিত ড্রিল, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, চাবি, কাটার, করাত, হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকার কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত