কুকাবুরা বল আর ব্যাগি ক্যাপের উন্মাদনায় ৩ অক্টোবর শুরু এনসিএল

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লাল বলের লড়াই দিয়ে মাঠে গড়াচ্ছে ২০২৬-২৭ মৌসুম। আজ বুধবার ২৮তম জাতীয় ক্রিকেট লিগের পূর্ণাঙ্গ সূচি ও দিনক্ষণ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আগামী ৩ অক্টোবর থেকে একযোগে দেশের চার ভেন্যুতে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। 

প্রায় দুই মাসব্যাপী এই আসরে অংশ নেওয়া আটটি বিভাগীয় দল একে অপরের মুখোমুখি হয়ে ৭টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঘরে তুলবে শিরোপার ট্রফি।

এবারের এনসিএলের আসরে থাকছে বেশ কিছু পরিবর্তন ও চমক। গত কয়েক আসরে ডিউক বলে খেলা হলেও বিসিবি সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার পুনরায় পুরোনো কুকাবুরা বলেই খেলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া টুর্নামেন্ট শুরুর পূর্বে আজ বুধবার এক বিশেষ আয়োজনের মাধ্যমে আট দলের অধিনায়কদের হাতে ব্যাগি ক্যাপ তুলে দেওয়া হবে, যা প্রদান করবেন স্ব-স্ব বিভাগের হয়ে জাতীয় লিগে খেলা একসময়ের সাবেক ক্রিকেটাররা।

এনসিএলের পূর্ণাঙ্গ সূচি, ছবি: বিসিবি

আসরের উদ্বোধনী রাউন্ডের ম্যাচগুলো রোমাঞ্চ ছড়াতে প্রস্তুত দেশের বিভিন্ন প্রান্তে। বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মিশন শুরু করবে ঢাকা। মিরপুরে হবে মোট চার ম্যাচ। এছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামে লড়বে খুলনা ও বরিশাল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে নামবে চট্টগ্রাম ও রাজশাহী।

এছাড়া রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট একাডেমী মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং কক্সবাজার একাডেমি মাঠেও গড়াবে এই আসরের ম্যাচগুলো। ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে দেশের ক্রিকেটের এই জমজমাট লড়াইয়ের।