কলম্বিয়ান ফুটবলের সোনালী প্রজন্মের অন্যতম সেরা কারিগর ও মাঝমাঠের জাদুকর জেমস রদ্রিগেজ ইতি টেনেছেন তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের। দেশের জার্সিতে দীর্ঘ ১৫ বছরের পথচলা শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। সদ্যই ইউরোপ ও ভিনদেশি পাঠ চুকিয়ে আতলেতিকো নাসিয়ালে যোগ দেওয়া ৩৫ বছর বয়সী এই তারকা গতকাল নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে এক ভিডিও বার্তার মাধ্যমে এই কঠিন সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই ভিডিও বার্তায় নিজের অনুভূতির কথা প্রকাশ করে রদ্রিগেজ বলেন, ‘অনেক বছর, ম্যাচ, আনন্দের মুহূর্ত এবং কঠিন সময়ের পর আমি মনে করি আমার জীবনের একটি অধ্যায় থামানোর সময় এসেছে: কলম্বিয়ান জাতীয় দলের সাথে আমার যাত্রা। জার্সি পরাটা একটি স্বপ্ন ছিল, তবে এটি একটি বিশাল দায়িত্বও ছিল।’
ক্যারিয়ারের শুরুর স্মৃতি রোমন্থন করে তিনি আরও যোগ করে বলেন, ‘আমি এমন কিছু মুহূর্ত অনুভব করার সৌভাগ্য অর্জন করেছি যা আমি কখনো কল্পনাও করিনি। বিশ্বকাপ, গোল এবং অবিস্মরণীয় রাত; এমন জয় যা আমাদের বিশ্বাস জুগিয়েছিল এবং এমন হার যা আমাদের আরও শক্তিশালী করেছিল। যেদিন থেকে জাতীয় দলে যোগ দিয়েছি, সেদিন থেকেই চেয়েছি যখনই সময় আসবে, এই জার্সিটাকে যেন আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে রেখে যেতে পারি। পেছনের দিকে তাকালে আমার মনে হয় আমি সেটা অর্জন করতে পেরেছি।’
২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে লা পাজের মাঠে সিনিয়র জাতীয় দলে অভিষেক হয়েছিল হামেসের। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে সোনালী সময়টি আসে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে, যেখানে মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে জিতে নেন মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বুট’। দেশের জার্সিতে সেই অবিস্মরণীয় পারফরম্যান্স তাকে সরাসরি পৌঁছে দিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের চৌকাঠে।
রিয়ালে কাটানো ছয় মৌসুমে দুটি লা লিগা শিরোপা জেতার পাশাপাশি বায়ার্ন মিউনিখ ও এভারটনের মতো ক্লাবেও খেলেছেন তিনি। পরবর্তীতে অলিম্পিয়াকোস, সাও পাওলো, রায়ো ভায়োকানো, ক্লাব লিও থেকে এমএলএসের মিনেসোটা ইউনাইটেডে সংক্ষিপ্ত পথচলা শেষে সম্প্রতি দেশের মাটিতে ফিরেছেন এই তারকা।
কলম্বিয়া দলের নেতৃত্ব ও নিজের অনুভূতি নিয়ে কথা বলতে গিয়ে রদ্রিগেজ বলেন, ‘১০ নম্বর জার্সি এবং অধিনায়কের আর্মব্যান্ড পরার সম্মান আমার হয়েছিল; আমি সম্মান, দায়িত্ব এবং কলম্বিয়া আসলে কী প্রতিনিধিত্ব করে তা মাথায় রেখেই সেটি করার চেষ্টা করেছি। আমার ভালো দিন গেছে এবং কঠিন দিনও এসেছে, কিন্তু এই রঙের প্রতি গর্ববোধ আমি কখনো হারাইনি।’
কার্লোস ভালদেরামা ও ফ্রেডি রিংকনের রেকর্ড ছুঁয়ে সর্বাধিক বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা এই তারকা ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও নেতৃত্ব দিয়েছিলেন দলকে, যা ছিল দীর্ঘ ২৩ বছর পর দেশটির কোনো ফাইনালে ওঠার গৌরবময় ইতিহাস। ১৩১ ম্যাচে ৩১ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া এই মিডফিল্ডার নিজের শেষ বার্তায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সরাসরি বলেছেন, ‘আমি মনের শান্তি নিয়ে বিদায় নিচ্ছি কারণ আমি জানি আমি আমার সবটুকুই দিয়ে দিয়েছি; প্রতিটি স্মৃতির জন্য, প্রতিটি আলিঙ্গনের জন্য এবং প্রতিটি মুহূর্তের জন্য ধন্যবাদ।’
চলতি বছরের বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোয় পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল কলম্বিয়া। সেটিই হয়ে থাকল জাতীয় দলের হয়ে রদ্রিগেজের শেষ ম্যাচ।
রোনালদোর অভিযোগে সৌদি ক্লাবকে বড় শাস্তি