‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’ হলেন রায়পুরের রীতেশ

নাচের মঞ্চে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে স্বপ্নপূরণ। ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর বিজয়ীর শিরোপা উঠল রায়পুরের রীতেশ পালের মাথায়। কোরিওগ্রাফার প্রতীক উটেকরের সঙ্গে জুটি বেঁধে এই মৌসুমের সেরার সম্মান ছিনিয়ে নিলেন তিনি। বিচারক গীতা কাপুর, করিশ্মা কাপুর, জাভেদ জাফরি এবং টেরেন্স লুইসের হাত থেকে উঠল বিজয়ীর ট্রফি। 

পুরো মৌসুমজুড়ে ভিন্ন ভিন্ন নাচের ধরনে বিচারক ও দর্শকদের মুগ্ধ করেছেন রীতেশ। তার কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তিনবার ‘ব্যাটল ট্রফি’ও জিতেছেন তিনি। রীতেশ বেস্ট ড্যান্সার হয়ে ট্রফি তো জিতেছেনই, সঙ্গে পকেটে ঢুকেছে মোটা অঙ্কের টাকাও। ১৫ লাখ রুপি নগদ পুরস্কার পেয়েছেন তিনি।গ্র্যান্ড ফিনালেতে রীতেশ ও প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন দীপালি বোরকার, প্রথমেশ মানে, আনশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহা। চূড়ান্ত পরিবেশনা দেখার পর বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইস রিতেশকে বিজয়ী ঘোষণা করেন। 

মঞ্চে রীতেশ পাল বলেন, ‘নাচ সবসময়ই আমার ভালোবাসা। ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫ জয় করা আমার স্বপ্ন পূরণের মতো। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। ‘ইন্ডিয়া ওয়ালা ড্যান্স’ আমাকে নিজের স্বাচ্ছন্দ্যের সীমা ছাড়িয়ে যেতে এবং একজন পারফর্মার হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে।’ 

তিনি আরও বলেন, ‘কারিশমা ম্যাম, জাভেদ স্যার, গীতা মা ও টেরেন্স স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে গীতা মায়ের জন্য আমার হৃদয়ে বিশেষ জায়গা রয়েছে। আমার কোরিওগ্রাফার প্রতীক উতেকর স্যারকে বিশেষ ধন্যবাদ। তিনি আমার ওপর বিশ্বাস রেখেছেন এবং আমার এই যাত্রাকে নতুনভাবে গড়ে দিয়েছেন। সহপ্রতিযোগীদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। এই ট্রফি প্রতিটি চ্যালেঞ্জকে সার্থক করে তুলেছে।’