মায়ের পথ ধরে অভিনয়জগতে পা রাখতে চলেছেন অভিনেত্রী ও সংসদ সদস্য শতাব্দী রায়ের মেয়ে শামিয়ানা। পরিচালক অতনু রায়ের ‘ফাতমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। খবর আনন্দবাজার।
১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন শতাব্দী রায়। ঠিক চার দশক পর ২০২৬ সালে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর মেয়ের। শতাব্দী ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে শামিয়ানা পরিবারের কাছে আদরের ‘জুমি’ নামেই পরিচিত।
‘ফাতমা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে কিশোরী জুবেইদার চরিত্রে দেখা যাবে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শামিয়ানাকে। অন্যদিকে প্রাপ্তবয়স্ক জুবেইদার চরিত্রে অভিনয় করবেন আনন্দরূপা চক্রবর্তী।
ভারতের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত ফাতমা বেগমের দ্বিতীয় মেয়ে ছিলেন জুবেইদা। নির্বাক চলচ্চিত্রের যুগে অভিনয় শুরু করে পরবর্তী সময়ে ভারতীয় সিনেমার অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ফলে ছবিতে জুবেইদার শৈশবের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হচ্ছে শামিয়ানার।
মেয়ের অভিনয়ে অভিষেক নিয়ে উচ্ছ্বসিত শতাব্দী রায়। তিনি বলেন, ‘শামিয়ানার অভিনয়ের ইচ্ছা আছে, তবে আমার ছেলের একেবারেই নেই। আমি চাই, শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, নিজের যোগ্যতায় আমার মেয়ে অভিনয়জগতে কাজ করুক। ও ভালো কাজ করলে আমার অবশ্যই ভালো লাগবে।’
ছবিটির বিষয়বস্তু নিয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন শতাব্দী। তাঁর মতে, ভারতের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক ফাতমা বেগম সম্পর্কে অনেক সিনেমাপ্রেমী মানুষই জানেন না। এই সিনেমার মাধ্যমে তাঁর জীবন ও কাজ সম্পর্কে আরও বেশি মানুষ জানতে পারবেন।
শতাব্দী বলেন, ‘আমার অভিনয়ে অভিষেকের ঠিক ৪০ বছর পর মেয়ে বড় পর্দায় কাজ শুরু করছে, এটা আমার কাছে আনন্দের। ঋতুপর্ণার মেয়ের ভূমিকায় থাকবে শামিয়ানা। ঋতুকে অনেক শুভেচ্ছা। প্রযোজক অঞ্জনদা, পরিচালক এবং পুরো টিমকে আমার অভিনন্দন।’
অভিনয়জগতে নিজের নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বসিত শামিয়ানাও। তিনি বলেন, ‘আমি মায়ের অনেক সিনেমা দেখেছি। সেগুলো দেখেই ছোটবেলা থেকে আমার অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। বড় হয়েও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চাই। আশা করি, আমার প্রথম কাজ দর্শকদের ভালো লাগবে।’
অরোরা ফিল্ম করপোরেশনের ব্যানারে অঞ্জন বসুর প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ফাতমা’। ভারতের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত ফাতমা বেগমের জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সিনেমাটি।
১৯২৬ সালে ফাতমা বেগম পরিচালিত ঐতিহাসিক নির্বাক চলচ্চিত্র ‘বুলবুল-ই-পরিস্তান’ মুক্তির শতবর্ষ উপলক্ষে নির্মিত হচ্ছে এই ছবি। এতে উঠে আসবে ফাতমা বেগমের ব্যক্তিগত জীবন, তাঁর সংগ্রাম, নিজস্ব চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন এবং ভারতীয় চলচ্চিত্রের প্রাথমিক বিকাশে তাঁর অবদান।
ছবিতে শতাব্দী রায়ের মেয়ের চরিত্রে শামিয়ানার অভিনয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তও।