দুর্বার গতিতে ছুটছে ‘দৃশ্যম ৩’

তর তর করে এগিয়ে যাচ্ছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। চলতি সপ্তাহে (২ অক্টোবর) মুক্তি পাওয়া সিনেমাটি এরমধ্যেই বক্স অফিসে রীতিমতো তাণ্ডব ঘটাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে,  অভিষেক পাঠক পরিচালিত এই সাসপেন্স থ্রিলার আয়ের দৌড়ে ‘বর্ডার ২’, ‘টক্সিক’ (হিন্দি) ও ‘মির্জাপুর দ্য মুভি’র মতো সিনেমাগুলোকে পেছনে ফেলেছে। মুক্তির পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ব্যাপক আয় করেছে ছবিটি। 

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ প্রথম তিন দিনে শুধু ভারতেই ১৭৬ কোটি ৫০ লাখ রুপি (নেট) আয় করেছে। শুক্রবার ৬২ কোটি রুপি দিয়ে খাতা খোলার পর শনিবার ৫৩ কোটি ৫০ লাখ এবং রোববার আয় এসেছে ৬১ কোটি রুপি। এই আয়ের মাধ্যমে চলতি বছরে ‘ধুরন্ধর ২’-এর পর দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের রেকর্ড এখন এই ছবির ঝুলিতে। ভারতের বাইরেও চলছে এই ছবির জয়জয়কার; প্রথম তিন দিনে আন্তর্জাতিক বাজার থেকে ছবিটি আয় করেছে ৬১ কোটি রুপি, যা এর বিশ্বব্যাপী আয়কে নিয়ে গেছে ২৭২ কোটি ৮০ লাখ রুপিতে। 

সমালোচকদের প্রশংসাও কুড়াচ্ছে সিনেমাটি। এক সমালোচক লিখেছেন, দর্শকরা অজয় দেবগনের জন্য এলেও জয়দীপ আহলাওয়াত তাদের মুগ্ধ করে রাখবেন। আগের দুই কিস্তির মতো এবার আর মালয়ালাম ছবির গল্প অনুসরণ করা হয়নি। অভিষেক পাঠকের পরিচালনা ও সহ-চিত্রনাট্যে নির্মিত প্যানোরমা স্টুডিওজ ও স্টার স্টুডিও ১৮-এর এই সিক্যুয়েলে পুরোপুরি মৌলিক একটি গল্প উপহার দেওয়া হয়েছে।