বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ব্যাংক ঋণের সুদহার নির্ধারণ করে দেওয়া প্রসঙ্গে বলেছেন, বাংলা সাহিত্যে নয়-ছয় কথাটি দুষ্ট বা নেতিবাচক অর্থে ব্যবহার হয়। সরকারের এ সংখ্যায় যাওয়া ঠিক হয়নি। দক্ষিণ কোরিয়া ২৫ শতাংশ সুদে শিল্পায়ন করতে পারলে এখানে অসুবিধা কোথায়?
গতকাল বুধবার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলি খানের ‘দারিদ্র্যের অর্থনীতি : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বনানীতে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সর্বগ্রাসী হবে। বাংলাদেশের ১৫ থেকে ৩০ বছর বয়সী জনগোষ্ঠীর জন্য আগামীতে ভালো কোনো খবর নেই। তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে জাপানের মতো ছোট, মাঝারি শিল্পে জোর দিতে হবে। বস্ত্র খাতে বড় শিল্প হতে পারে, যা আমদানি বিকল্প হবে। এর পাশাপাশি অর্থনীতিতে সংস্কার দরকার। বিশেষ করে কর আদায় বাড়াতে হবে। তিনি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাংলাদেশের সমান বা বেশি প্রবৃদ্ধি হচ্ছে বিশ্বের এমন অন্য কোনো দেশেই বাংলাদেশের চেয়ে ভালো সুশাসন বা গণতান্ত্রিক পরিস্থিতি নেই।
আকবর আলি খান বলেন, বাংলাদেশে খাদ্যগ্রহণ বা দৈনিক আয়ের ভিত্তিতে দারিদ্র্য পরিমাপ করা হয়। কিন্তু বিশ্ব পাল্টে গেছে। তিনি বলেন, বাংলাদেশ যে জায়গা থেকে শুরু করেছে, তা এখন আর খাপ খায় না। সরকার আর ড. ইউনূস ঝগড়া করলেও দারিদ্র্য কমার বিষয়ে একমত। দুপক্ষই বলে দারিদ্র্য কমেছে। সেটা হতে পারে ১৯৭১ সালের তুলনায়। কিন্তু বৈশ্বিক পরিবেশ বিবেচনা করলে বাংলাদেশে দারিদ্র্য কমেনি। তিনি বলেন, সরকার আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দারিদ্র্য নির্মূল করা হবে এমন ধারণা দিচ্ছে। তবে এর অসুবিধা হচ্ছে দারিদ্র্য জয়ের প্রস্তুতি কমে যাচ্ছে।
বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দারিদ্র্য মাপার পদ্ধতিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দারিদ্র্যের পাশাপাশি মানুষের জীবনযাপনে স্বস্তিরও একটা বিষয় রয়েছে। সেগুলো যোগ হবে। বাংলাদেশের খর্বাকৃতি মানুষ ও আয় বৈষম্য দুশ্চিন্তার বিষয়। তবে আগামী ১০ বছর গড়ে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি হলে চরম দারিদ্র্য দূর হবে।
পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি হচ্ছে। এতে উন্নয়ন হচ্ছে। দারিদ্র্য কমছে। তবে বৈষম্যও বাড়ছে। কিন্তু চীন, কোরিয়া, তাইওয়ানে প্রবৃদ্ধির সঙ্গে বৈষম্য কমেছে। বাংলাদেশে প্রবৃদ্ধি হলেও বৈষম্য কেন বাড়ছে তা দেখা দরকার।
অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, বিআইডিএসের সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরী, আইএলওর সাবেক উপদেষ্টা রিজওয়ানুল ইসলাম, অধ্যাপক মইনুল আহসান, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুর আহমেদ, এটিএম নুরুল আমিন, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।