বাংলা চলচ্চিত্রে এখন সুদিন চলছে। প্রতি মাসেই সিনেমা মুক্তির সংখ্যা বাড়ছে। এই অক্টোবর মাসেই মুক্তির মিছিলে ৮টি সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘যাও পাখি বলো তারে’ ও ‘হৃদিতা’। পরের সপ্তাহে ‘বৃদ্ধাশ্রম’ ও ‘রাগী’। ‘রোহিঙ্গা’ ও ‘ডেঞ্জার জোন’ মুক্তি পাবে ২১ অক্টোবর। অক্টোবরের শেষ সপ্তাহে ২৮ তারিখ মুক্তি পাবে ‘দামাল’ ও ‘বান্ধব’ সিনেমা।
জানা যায়, কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে হৃদিতা চলচ্চিত্রটি। নির্মাণ করেছেন পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। তিনি বলেন, ‘আমরা যেহেতু উপন্যাস থেকে সিনেমাটি নির্মাণ করেছি, তাই চেষ্টা করেছি একটি সুন্দর ছবি তৈরি করতে। এ কারণে আমাদের প্রত্যাশাটা বেশি। কারণ কিছুদিন আগেও এ দেশের মানুষ সিনেমা নিয়ে নানা রকম নেতিবাচক কথা বলত। তাই ওই নেতিবাচক কথাগুলো মাথায় রেখে একদম মৌলিক ভালো গল্পের সিনেমা হয়েছে হৃদিতা।’ তিনি জানান, হৃদিতায় অভিনয় করেছেন পূজা চেরি, এ বি এম সুমনসহ অনেকেই। সবাই খুব ভালো অভিনয় করেছেন।
সিনেমার হল বুকিং প্রায় শেষ জানিয়ে পরিচালক বলেন, ‘খুব বেশি সিনেমা হলে মুক্তি দিচ্ছি না, তবে বাংলাদেশের যে কটি উল্লেখযোগ্য ভালো সিনেমা হল আছে সেগুলোতে মুক্তি পাবে ‘হৃদিতা’। এখন পর্যন্ত ২০টি হল চূড়ান্ত করা হয়েছে, তবে সংখ্যাটা বাড়তে পারে।’
একই দিনে মুক্তি পাবে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’। এ সিনেমায় জুটি বেঁধেছেন মাহিয়া মাহি ও আদর আজাদ, সঙ্গে আছেন চিত্রনায়ক শিপন মিত্র। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটির গান ও ট্রেলার বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন পরিচালক।
গায়ক এসডি রুবেলের পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি মুক্তি পাবে ১৪ অক্টোবর। সিনেমাটিতে পরিচালনার পাশাপাশি নায়ক চরিত্রে অভিনয় করেছেন এসডি রুবেল নিজেই। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
মোস্তাফিজুর রহমান মিজানের পরিচালনায় অ্যাকশনধর্মী সিনেমা ‘রাগী’। এই সিনেমাটিও মুক্তি পাবে ১৪ তারিখ। এতে প্রধান চরিত্রে দেখা যাবে পারভেজ আবির চৌধুরী ও অ্যাকশনে দেখা যাবে মুনমুনকে। এ ছাড়া অভিনয় করেছেন মৌমিতা মৌ, ববি, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ প্রমুখ।
নির্মাতা অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ সিনেমা প্রেক্ষাগৃহে আসছে ২১ অক্টোবর। সিনেমাটির শ্যুটিং করছেন নাফ নদী, শাহপরীর দ্বীপ, উখিয়া ও টেকনাফে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরশি। রোহিঙ্গা সংকট নিয়ে সিনেমাটি নির্মাণ শুরু হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ সময় পার করে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। সিনেমাটি নিয়ে ডায়মন্ড বলেন, ‘এ সময় এই চলচ্চিত্রটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলব সবাই সিনেমাটি দেখুক, দেখে তাদের কেমন লাগল, ভালো-মন্দ যেটাই হোক, সেটা নিয়ে কথা বলুক।’
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অভিনীত সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর সিনেমা ‘ডেঞ্জার জোন’। সিনেমাটির পরিচালক বেলাল সানি। এই পরিচালকের প্রথম সিনেমা এটি। সিনেমাটি ২১ অক্টোবর মুক্তির অপেক্ষায়।
আলোচিত সিনেমা ‘পরাণ’-এর পরে নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা ‘দামাল’। যেটি আসছে অক্টোবরের ২৮ তারিখ। এরই মধ্যে ‘দামাল’ সিনেমার ট্রেলার ও গান বেশ সাড়া ফেলেছে। সিনেমাটি নিয়েও বেশ আশাবাদী এই নির্মাতা। ‘দামাল’-এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।
একই দিন সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’ নামে একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। জানা গেছে, এর মধ্য থেকে যেকোনো একটি সিনেমা মুক্তির তারিখ পেছালে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি মুক্তি পাবে।