‘সঠিক সময়ে’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে সৌদি, বিশ্বাস ট্রাম্পের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৩ এএম

বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতকে অনুসরণ করে সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সৌদি বাদশাহ সালমানের সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন। খবর: আনাদলু এজেন্সি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সৌদি আরব তেল আবিবের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দ্বারপ্রান্তে বলে তিনি বিশ্বাস করেন। দেশটি ‘সঠিক সময়ে’ সেটা করবে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে বাহরাইন ও আমিরাতের আনুষ্ঠানিক চুক্তি সইয়ের কয়েক ঘণ্টা পর ট্রাম্প আরও বলেন, ‘আরও অনেক দেশ আমাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে, তারা খুব শিগগিরই আমাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের এই সংখ্যা ৭, ৮ অথবা ৯ হতে পারে। আমরা আরও অনেক দেশকে আমাদের সঙ্গে যোগ দিতে পাচ্ছি, একটি বড় দেশসহ।’

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও আমিরাতের চুক্তি সই হয়।

ঐতিহাসিক এই চুক্তিকে ‘নতুন মধ্যপ্রাচ্যের সূর্যোদয়’ বলে প্রশংসা করেছেন ট্রাম্প। অন্যদিকে আরবদের এই চুক্তিকে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত