স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী, বাঁচাতে এসে দগ্ধ শাশুড়ি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম

মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন স্বামী। কিছুক্ষণের মধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন তিনি। একপর্যায়ে রাগের মাথায় কেরোসিন ঢেলে স্ত্রীকে জ্বালিয়ে দিলেন যুবক। ঘটনাটি ভারতের ঝাড়খণ্ডের।

অভিযোগ উঠেছে, কুলদীপ কুমার নামের ওই যুবক প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। মদ্যপ অবস্থায় স্ত্রীর গায়ে হাতও তুলতেন। গত বৃহস্পতিবার কোনও বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। তাতেই রাগে অন্ধ হয়ে স্ত্রীকে খুন করেন যুবক। যদিও পুত্রবধূকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ওই যুবকের মা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঝাড়খণ্ডের চতরা জেলার সুরাহিবাগ গ্রামের ঘটনা এটি। অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক।
পুলিশ জানিয়েছে, কেরোসিনের বোতল খুলে স্ত্রীর গায়ে তেল ছিটিয়ে দিয়েছিলেন যুবক। সঙ্গে ধরিয়ে দেন আগুনও। এ সময় ওই নারীর সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।

অপরদিকে পুত্রবধূকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন যুবকের মা। তার গায়েও আগুন লেগে যায়। পুলিশ জানিয়েছে, বৃদ্ধা বর্তমানে রাঁচীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

ইটখোরি থানার স্টেশন ইনচার্জ বিনোদ কুমার যাদব বলেন, অভিযুক্তকে শিগগির গ্রেপ্তার করা হবে। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।

আরও পড়ুন: শ্বশুরের হাতে ধর্ষিত গৃহবধূকে ঘর থেকে তাড়িয়ে দিলেন স্বামী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত