ব্রিকস সম্মেলন

আজ জোহানেসবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৮:২২ এএম

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ারপারসন সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকালে জোহানেসবার্গের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (২২-২৪ আগস্ট) ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনে নিয়ে যাওয়া হবে। দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর গ্রুপ ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন হচ্ছে এবার। এর সদস্য দেশগুলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুরা দা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেডিসন ব্লু হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে সকাল ১০টায় ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ শীর্ষক এক আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। একই দিন বেলা সাড়ে ১২টায় প্যালেস অব রেসিডেন্স’র রিভোনিয়া ৭ম তলায় আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের আয়োজন ‘বাংলাদেশ এনভয় কনফারেন্সে’ বক্তব্য রাখবেন তিনি। বিকেলে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। আর সন্ধ্যায় শেখ হাসিনা জোহাসেনবার্গের গ্যালাঘের এস্টেটে ব্রিকসের বর্তমান চেয়ার ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আয়োজনে একটি সংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়লগ (ব্রিকস - আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়গল)-এ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’ এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বক্তৃতা দেবেন। ওই দিন সকাল ৯টায় ৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে স্যান্ডস্ট্যান্ড কনভেনশন সেন্টারে শুরু হবে অনুষ্ঠানটি শুরু হবে। ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে। ওই দিন তিনি কমিউনিটি নেতৃবৃন্দের একটি সভায়ও যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ২৬ আগস্ট স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে এমিরাটস এয়ারলাইন্সের (ইকে৭৬২) ফ্লাইটে জোহানেসবার্গের ও. আর. টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ২৭ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত