আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।
যদিও বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি টাইগারদের মুঠো থেকে প্রায় বেরিয়েই গিয়েছিল। কিন্তু আফিফ-মিরাজের নৈপুণ্যে জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা। ৪ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে লিড নেয় ১-০ তে।
অসাধারণ এই জয়ের পর টাইগার অধিনায়ক তামিম ইকবাল পুরো কৃতিত্ব দিয়েছেন আফিফ ও মিরাজকে। বলেছেন, ৪৫ রানে ৬ উইকেট পাড়ে যাওয়ার পর তিনিও ভাবেননি ম্যাচটা জিততে পারবেন।
টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান ৪৯.১ ওভারে ২১৫ রানের বেশি তুলতে পারেনি। তবে এই রান নিয়েও দারুণ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তারা। নবিন পেসার ফজলহক ফারুকি শুরুতেই ৪ উইকেট তুলে নেন। পরে মুজিব উর রহমান ও রশিদ খান উইকেট উৎসবে যোগ দিলে ৪৫ রানে ৬ উইকেটে পরিণত হয় বাংলাদেশ।
সেখান থেকে আফিফ ও মিরাজ দলকে টেনে তুলেছেন। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। সপ্তম উইকেটে এটি শুধু বাংলাদেশের সেরা জুটিই নয়, ওয়ানডেতে সবমিলেই দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। মাত্র ৩ রান বেশি নিয়ে এক নম্বরে ইংল্যান্ডের জস বাটলার ও আদিল রশিদ।
১১৫ বলে ১১ চার ও ১ ছক্কায় অপরাজিত ৯৩ রান করেন আফিফ। অন্য প্রান্তে মিরাজ ১২০ বলে ৯ চারে অপরাজিত ৮১ রান করেন। ম্যাচ শেষে এই দুজনকে কৃতিত্ব দিয়ে অধিনায়ক তামিম বলেন, ‘সত্যি বলতে ৪৫ রানে ৬ উইকেট পাড়ে যাওয়ার পর ভাবিনি এই ম্যাচ আমরা জিততে পারবো। যদি বলি জয়ের বিশ্বাস ছিল, তবে সেটা মিথ্যা বলা হবে।’
‘দুজনের (আফিফ ও মিরাজ) অবিশ্বাস্য ইনিংসের জন্য আমি খুব গর্বিত এবং খুশি। এটা সহজ ছিল না। আফগানিস্তানের দুর্দান্ত স্পিন আক্রমণ। এই দুজন যেভাবে খেলেছে সেটা আশ্চর্যজনক। আশা করি এটি তাদের জন্য কেবল শুরু এবং তাদের থেকে আরো দারুণ পারফরম্যান্স পাবো।’
আরো পড়ুন
