সম্প্রতি ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন পাকিস্তানের সামরিক গুপ্তচর শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্জুম। তিনি দাবি করেন, ইমরান খান সেনাবাহিনীর সমালোচনা করছেন, কারণ সেনাবাহিনী তার কথা মতো অসাংবিধানিক কাজ করতে সম্মত হয়নি। শুধু তাই নয়, আইএসআই প্রধান আরও অভিযোগ করেন, নিজের সরকার টিকিয়ে রাখতে সহায়তার বিনিময়ে সেনাপ্রধান জেনারেল কমার জাভেদ বাজওয়াকে একটি ‘লোভনীয়’ প্রস্তাবও দিয়েছিলেন ইমরান।
এতেই বেজায় খেপেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। শুক্রবার লাহোরে এক সভায় আইএসআইকে পালটা দিয়ে ইমরান বলেন, ‘আমি দেশের মঙ্গলের জন্য ইতিবাচক সমালোচনা করি। অন্যথায় আমার কাছে বলার মতো অনেক কথা আছে। চাইলে আইএসআইয়ের মুখোশ খুলে দিতে পারতাম। কিন্তু দেশের নিরাপত্তার কথা ভেবেই এই কাজ করিনি।’
শহরের লিবার্টি চক এলাকায় সমর্থকদের উদ্দেশে ইমরান আরও বলেন, ‘আমরা একমাত্রই উদ্দেশ্য পাকিস্তানকে মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা।’
উল্লেখ্য, গত এপ্রিলে সংসদে বিরোধীদের প্রবল বিক্ষোভের মুখে অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন ইমরান খার। তার অকাল বিদায়ের নতুন করে আলোচনায় চলে এসেছিল পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআইয়ের ‘নেপথ্য ভূমিকা’র কথা। অতীতের মতো সরাসরি সেনা অভ্যুত্থান না ঘটলেও দেশজুড়ে প্রবল রাজনৈতিক অস্থিরতার জন্য বিরোধী দলগুলোর পাশাপাশি সেনাবাহিনীর একাংশও জড়িত ছিল বলে বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যমও দাবি করেছিল সে সময়। তারপরই ইমরান খান প্রকাশ্যে অভিযোগ করেন, সেনাবাহিনী এবং আইএসআইয়ের চক্রান্তেই ক্ষমতাচ্যুত হতে হয়েছিল তাকে।
