বিএনপির অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দিচ্ছে: আখতার

আপডেট : ০২ জুন ২০২৬, ১১:৩৯ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি গণভোটের রায় অস্বীকার করায় তাদের বহু নেতা-কর্মী এনসিপিতে যোগ দিচ্ছেন। 

সোমবার (১ জুন) বিকেলে কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ৪৩ জন নেতা-কর্মী ও ৬০ জন সাধারণ নাগরিক আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। আগতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আখতার হোসেন বলেন, বিএনপি থেকে আজ অনেকেই এনসিপিতে যোগদান করছেন। যারা বিএনপি থেকে আমাদের দলে আসছেন, আপনারা জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে আমাদের সঙ্গী ছিলেন। আমরা একসঙ্গে লড়াই করেছি।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি সরকার গঠনের পর গণভোটের রায়কে অস্বীকার করছে, জনগণের ভোটকে তারা অবজ্ঞা করছে। গণভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রব্যবস্থায় সংস্কার আনার যে অঙ্গীকার ছিল, সেই এজেন্ডাকে যারা আস্তাকুড়ে ফেলতে চায়, তাদের দলকে জনগণ আর গণতান্ত্রিক মনে করছে না। তাই আপনারা জনগণের পক্ষে থাকা এনসিপিতে এসেছেন।

এনসিপির এই নেতা আরও বলেন, জুলাইয়ের রাজপথের যোদ্ধা হিসেবে যারা বিএনপি ছেড়ে এনসিপিতে এসেছেন, তাদের আমরা হৃদয় থেকে বরণ করে নিচ্ছি।

যোগদানকারীদের মধ্যে টেপামধুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আতাউর রহমান, সহসভাপতি মোহাম্মদ আলী ও সাবেক সেক্রেটারি রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির স্থানীয় একাংশের নেতা-কর্মীরা রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত