মার্কিন ইবোলা পরিকল্পনা ঘিরে কেনিয়ায় সংঘর্ষ, নিহত ২

আপডেট : ০২ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ইবোলা আইসোলেশন সেন্টারের বিরোধিতায় বিক্ষোভের মধ্যে কেনিয়ার মধ্যাঞ্চলীয় নানইউকি শহরে গুলিতে দুজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সোমবার (১ জুন) শত শত বিক্ষোভকারী নানইউকির সড়কে মিছিল করেন, সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

নিহতদের একজন লাইকিপিয়া বিমানঘাঁটির কাছে গুলিবিদ্ধ হন। অন্যজনকে সেনাসদস্যরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র কেনিয়ার লাইকিপিয়া বিমানঘাঁটিতে ৫০ শয্যার একটি ইবোলা চিকিৎসা ও আইসোলেশন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের মাধ্যমে পরিচালিত হবে এবং কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাবে আক্রান্ত মার্কিন নাগরিকদের চিকিৎসার জন্য ব্যবহৃত হবে।

এ পরিকল্পনা নিয়ে কেনিয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সমালোচকদের আশঙ্কা, এতে স্থানীয় জনগোষ্ঠী সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে দেশটির হাইকোর্ট কেন্দ্রটির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে এবং সরকারকে প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলেছে। চিকিৎসক সংগঠন ও বিভিন্ন পর্যবেক্ষক সংস্থাও পরিকল্পনাটির বিরোধিতা করেছে।

তবে প্রেসিডেন্ট উইলিয়ান রুটো এ উদ্যোগের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে কেনিয়া সহযোগিতা করছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত