নতুন বাণিজ্য যুদ্ধের কেন্দ্রে হুয়াওয়ে সিএফও

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:১২ এএম

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুকে গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা দিয়েছে।

আলজাজিরা জানায়, কানাডার আদালতে জামিনের জন্য আবেদন করা হুয়াওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বন্দি বিনিময়ের চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে।

হংকং থেকে মেক্সিকো যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের অনুরোধে মেং ওয়ানঝুকে গ্রেফতার করে কানাডা। গত ১ ডিসেম্বর ভ্যানকুভার থেকে তাকে গ্রেফতার করা হলেও বুধবার এক বিবৃতিতে এ ঘটনা প্রকাশ করে কানাডার বিচার বিষয়ক মন্ত্রণালয়।

মেং ওয়ানঝু হুয়াওয়ের পরিচালনা বোর্ডের ডেপুটি চেয়ারম্যান এবং কোম্পানির প্রতিষ্ঠাতা ও মালিক রেন ঝেংফেইয়ের মেয়ে।

শুক্রবার কানাডা সরকারের এক প্রসিকিউটর তাকে জামিন না দিতে আদালতের প্রতি দাবি জানান। তিনি বলেন, হুয়াওয়ের সিএফও এর বিরুদ্ধে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ আছে। নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইরানের মার্কেট ধরতে হুয়াওয়ে বানোয়াট একটা সেল গঠন করেছিল।

তিনি জানান, বিপুল সম্পদের অধিকারী হওয়ায় এবং শক্তিশালী সম্পর্ক রক্ষা করা ওয়ানঝু কানাডা থেকে পালিয়ে যেতে পারেন। 

বিবিসি জানায়, কানাডার সর্বোচ্চ আদালত ব্রিটিশ কলম্বিয়ার সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, হুয়াওয়ে নিষেধাজ্ঞা ভঙ্গ করে ২০০৯ থেকে ২০১৪ সাল নাগাদ স্কাইকম নামে আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানে ব্যবসা করেছে।

পাঁচ ঘণ্টা ধরে চলা এ জামিন শুনানি সোমবার পর্যন্ত স্থগিত করা হয়। জামিন নিয়ে আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি কর্তৃপক্ষের হেফাজতে থাকবেন।

আদালত সূত্রে আলজাজিরা জানায়, দোষী প্রমাণিত হলে ৩০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে ৪৬ বছর বয়সী ওয়ানঝুর। তবে হুয়াওয়ের সঙ্গে স্কাইকমের কোনো ধরনের সম্পর্ক অস্বীকার করেছেন তিনি।

এদিকে আইনজীবী ডেভিড মার্টিন তাকে জামিন না দেয়ার প্রসিকিউটেরের দাবির বিরোধিতা করেন। তিনি বলেন, যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে নানা সম্পর্ক এবং অসাধারণ পুঁজি গড়ে তুলেছেন, তাকে জামিন না দেয়ার কোন কারণ থাকতে পারে না।

তিনি বলেন, ব্যক্তিগত সততার কারণে ওয়ানঝু কখনো আদালতের সিদ্ধান্তের বাইরে যাবেন না। তিনি আদালতের আদেশ অমান্য করে তার বাবা এবং প্রতিষ্ঠানকে বিব্রতও করবেন না।

এদিকে চীনা কর্তৃপক্ষ ওয়ানঝুকে মুক্তির দাবি জানায়। তাদের মতে, তিনি কোনো ধরনের আইন লঙ্ঘন করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত