উচ্চ আদালতের রায়ে পৌরসভার মেয়র পদে থাকা প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত হয়েছে। কয়েকটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে বিএনপির পাঁচ প্রার্থীর বাতিল হওয়া মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার পৃথক পাঁচটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদেশে নীলফামারী-৪ আসনের আমজাদ হোসেন সরকার, দিনাজপুর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম, নীলফামারী-৩ আসনের ফাহমিদ ফয়সাল চৌধুরী, নওগাঁ-৫ নাজমুল হক এবং পঞ্চগড়-১ আসনের তৌহিদুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়।
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিএনপির পাঁচ প্রার্থীর পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেছিলাম। তারা সবাই পৌরসভার মেয়র পদে বহাল আছেন। তিনি বলেন, লাভজনক পদে অধিষ্ঠিত থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে চাওয়ার কারণে রিটার্নিং অফিসাররা এই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল। সেই আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল করলে তাও নামঞ্জুর হয়। এরপর আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে রিট দায়ের করি।
শুনানি নিয়ে আদালত বলেছেন, পৌর সভার মেয়র পদটি লাভজনক পদ নাকি অলাভজনক তা রুলের পূর্ণাঙ্গ শুনানি ছাড়া নিষ্পত্তি করা সম্ভব না।
আদালত আমাদের রিটের শুনানি নিয়ে এ বিষয়ে রুল জারি করেছেন। একইসঙ্গে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিলের যে আদেশ দিয়েছিলেন এবং নির্বাচন কমিশন আপিল আদেশের মাধ্যমে সেই বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছিলেন- তা স্থগিত করেছেন। পাশাপাশি রিটকারীদের মনোনয়নপত্র গ্রহণ করে তাদের প্রার্থী হয়ে নির্বাচন করার সুযোগ দিতে আদালত নির্দেশ দিয়েছেন বলেও জানান এ আইনজীবী।
