মুখ্যমন্ত্রীকে মোদির ‘পুতুল’ বলায় সাংবাদিকের জেল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৭ পিএম

মণিপুরের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পুতুল’ বলায় এক বছরের জেল হয়েছে সাংবাদিক কিশোরচন্দ্র ওয়ংখেমের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক মাস আগে ওই সাংবাদিককে আটক করা হয়। এরপর জাতীয় নিরাপত্তা আইনে তাকে সাজা দেয়া হয়েছে।

ফেসবুকের একটি ভিডিওতে মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এবং নরেন্দ্র মোদির সমালোচনা করেন কিশোরচন্দ্র। রাজ্যে ঝাঁসীর রাণী লক্ষ্মীবাঈয়ের জন্মদিন পালন করা নিয়ে প্রশ্ন তোলেন ওই সাংবাদিক। ব্রিটিশ শাসনামলে ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ লক্ষ্মীবাঈ। কিন্তু মণিপুরের জন্য তার কতটা অবদান ভিডিওতে সেটি জানতে চান কিশোরচন্দ্র। তিনি বরং রাজ্যের মহান ব্যক্তিদের সম্মান জানাতে বলেন।

সমালোচনা করেই থামেননি কিশোরচন্দ্র। মুখ্যমন্ত্রীকে মোদির পুতুল বলেও কটাক্ষ করেন। এরপর তার নামে মামলা হয়।

ভারতের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই সাজার প্রতিবাদ করেছেন। অনেক মানবাধিকার কর্মীও সরব হয়েছেন।

কিশোরচন্দ্রের আইনজীবী ভিক্টোর বলছেন, এই সাজা ক্ষমতার অপব্যবহার। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত