কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঐক্যফ্রন্টের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় এক পথসভায় ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে বক্তব্য দেওয়ায়, এক মাদ্রাসা শিক্ষকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরো ২ মাস কারাভোগের দণ্ড দেন আদালত।
জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ বিধিমালার ১১ ধারা অনুযায়ী আচরণবিধি ভঙ্গের কারণে বৃহস্পতিবার রাতে নাগেশ্বরীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষক হলেন, জামায়াতকর্মী হাবিবুল হক খন্দকার। তিনি ভিতরবন্দ ফাজিল বিএ মাদ্রাসার ইবতেদায়ি শাখার আরবি শিক্ষক।
শিক্ষকতার পাশাপাশি তিনি ইউনিয়ন বিবাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগপ্রাপ্ত।
জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ভিতরবন্দের একটি পথসভায় ওই শিক্ষক বলেন, খালেদা জিয়া ও সাঈদীকে মুক্ত করতে হলে নামাজ যেমন ফরজ তেমনি ঐক্যফ্রন্টের প্রার্থীদের ভোট দেওয়া ফরজ কাজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান জানান, নির্বাচনের আচরণ বিধিমালার ১১-ক ধারা লঙ্ঘন করায় তাকে এ সাজা দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
