নিয়মনীতির তোয়াক্কা না করেই বিলবোর্ডের জঞ্জাল হয়ে ওঠে শহরগুলো। বিজ্ঞাপন প্রচারের এ মাধ্যমটি অনেক সময় নাগরিক যন্ত্রণা ও দুর্ভোগ ছাড়াও প্রাণহানির শঙ্কা সৃষ্টি করে। গায়ের ওপর বিলবোর্ড ছিটকে পড়ে তুরস্কের ইস্তাম্বুলের এক বৃদ্ধ এখন হাসপাতালের শয্যায়।
তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানায়, ৮১ বছর বয়সী মুস্তাফা ইলমাজ স্ত্রীর ওষুধ কিনতে বের হয়েছিলেন। হেঁটে ক্লান্ত হয়ে পড়ায় দোকানের সামনে বসেছিলেন বিশ্রামের জন্য। এমন সময় হঠাৎ বিলবোর্ড উড়ে এসে পড়ে তার ওপর।
সোমবার ফাতিহ জেলায় এ ঘটনা ঘটে। ভারী বিলবোর্ডটি বৃদ্ধের ঘাড়ে এসে পড়ে। মাথায়ও গুরুতর জখম হন তিনি। ভিডিওতে দেখা যায়, বিলবোর্ডের আঘাতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এক প্রত্যক্ষদর্শী জানান, পাশের ভবনের দুইতলায় বিলবোর্ডটি ঝুলছিল। জং ধরে নড়বড়ে হয়ে গিয়েছিল সেটি। ঘটনার পরপরই স্থানীয়রা খবর দিলে অ্যাম্বুলেন্স এসে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে হাসেকি হাসপাতাল সূত্রে জানা গেছে, ইলমাজের কাঁধ ভেঙে গেছে। সুস্থ হতে বেশ সময় লাগতে পারে তার।
