আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনটি সংসদীয় আসনে বিএনপির আরও তিনজনের প্রার্থিতা স্থগিত হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে চাওয়ায় তাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
যাদের প্রার্থিতা স্থগিত হয়েছে- নাটোর-৪ আসনে আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবির আহমদে এবং নরসিংদী-৩ আসনে মঞ্জুর এলাহী। নির্বাচনে তাদের অংশ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আলাদা রিট আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের প্রার্থিতা স্থগিত করে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
মোতাহার হোসেন সাজু দেশ রূপান্তরকে বলেন, ওই তিনজন তাদের পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগেই ওই তিনজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু বিধি অনুযায়ী পদত্যাগ না করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া যায় না। এ বিষয়ে রিট আবেদন করা হলে আদালত তাদের প্রার্থিতা স্থগিত করেন।
প্রসঙ্গত, এর আগে উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করতে যাওয়া এবং ঋণ খেলাপি হওয়ায় বিএনপির আরও ১০ জনের প্রার্থিতা প্রথমে হাইকোর্টে স্থগিত হয়ে যায়। পরে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতেও ওই স্থগিতাদেশ বহাল থাকে। এরই ধারাবাহিকতায় এই তিনজনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা রিট আবেদনের প্রেক্ষিতে গতকাল তাদের প্রার্থিতাও স্থগিত হলো।
