ম্যাচটা হারলে ক্লাবের আস্থাটাই হয়তো টলে যেত। কাগুজে সেরা দল পেয়েও মৌসুম শুরুর ফেডারেশন কাপ জেতাতে পারেননি অস্কার ব্রুজন। গতকাল শেখ রাসেলকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জয় এই স্প্যানিয়ার্ডকে করেছে নির্ভার। সেটা অকপটে স্বীকারও করলেন বসুন্ধরা কিংসের কোচ, ‘ফেডারেশন কাপ শিরোপা খুব কাছে গিয়েও জিততে পারিনি। এ আসরের শিরোপা জয়ে সেই অপেক্ষাটা ঘুচল আমাদের। এখন সময় শুধুই উদযাপনের।’ এই শিরোপাটা জিততে কম কাঠখড় পোড়াতে হয়নি নবাগত দলটির। ব্রুজনের চোখে অনেক চেষ্টার ফসল এটি, ‘এ পর্যায়ে আসতে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। ইনজুরি সমস্যা ছিল। ছিল সাসপেনশন। কিন্তু আমাদের রিজার্ভ খেলোয়াড়রা সবাই ভালো খেলেছেন। অনেক পরিশ্রমেই এ সাফল্য এসেছে।’
শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটুর কথায় ঘুরে-ফিরে বারবার এলো বিপলু আহমেদের শিশুসুলভ ভুলটির কথা। যে ভুলের মাশুল দলটিকে গুনতে হয়েছে হার দিয়ে। বিপলুর নাম উচ্চারণ না করলেও কোচের কথায় ঝরেছে আক্ষেপ।
