পুতিনের নববর্ষের উপহার হাইপারসনিক পরমাণু গ্লাইডার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:১২ এএম

শব্দের চেয়ে ২০ গুণ গতিসম্পন্ন পরমাণু অস্ত্রবাহী গ্লাইডারের (রকেট থেকে নিক্ষিপ্ত ইঞ্জিনবিহীন বিমান) চূড়ান্ত পরীক্ষা চালিয়েছে রাশিয়া।

হাইপারসনিক গ্লাইডারের পরীক্ষা সফল হয়েছে জানিয়ে এটাকে দেশবাসীর জন্য ‘নববর্ষের উপহার’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এনডিটিভি জানায়, এই পরমাণু গ্লাইডার আগামী বছর থেকে দেশটির অস্ত্রাগারে যুক্ত হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

বুধবার দক্ষিণ-পশ্চিম রাশিয়ার একটি এলাকা থেকে ৩,৫০০ মাইল দূরের কামছাতকা উপদ্বীপের একটি লক্ষ্যবস্তুতে এটি উৎক্ষেপণ করা হয়।

পরীক্ষা সফল হয়েছে জানিয়ে রাষ্ট্রীয় টিভিতে পুতিনকে বলতে দেখা যায়, ‘এটা দেশবাসীর জন্য নববর্ষের চমৎকার, যথার্থ উপহার।’

মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘এটি সশস্ত্র বাহিনীর ইতিহাসে, সম্ভবত রাশিয়ার ইতিহাসে অন্যতম বড় ঘটনা। রাশিয়ার এখন নতুন কৌশলগত অস্ত্র রয়েছে।’

‘অ্যাভানগ্রাদ’ নামের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এমন হাইপারসনিক অস্ত্র পেতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন চেষ্টা চালিয়ে আসছে। রাশিয়ার এই গ্লাইডার পরীক্ষা সফল হয়েছে কিনা নিরপেক্ষভাবে তাৎক্ষণিক খতিয়ে দেখা সম্ভব হয়নি।

রকেটের মাধ্যমে উৎক্ষেপণের পর পরমাণু ওয়ারহেডবাহী গ্লাইডার প্রথমে রকেট থেকে আলাদা হয়। পরে হাইপারসনিক গতিতে পৃথিবীর দিকে এর লক্ষ্যবস্তুর দিকে ফিরে আসে।

গত মার্চে এই গ্লাইডার উদ্বোধনের সময় পুতিন দাবি করেছিলেন, ‘এটি খুবই দ্রুতগতির এবং ক্ষিপ্র। এটি আগামী বছরগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত