গতকাল শেষ দিনের প্রচারণায় ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছিল জমজমাট আয়োজন। সেসময় তার দলীয় মিছিলে নেতাকর্মীরা অ্যাম্বুলেন্সে পোস্টার লাগিয়ে ভেতর থেকে স্লোগান দিতে দেখা যায় পান্থপথ চৌরাস্তায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমন্বয়ক দেশ রূপান্তরকে জানায়, ‘দলীয়ভাবে আমাদের কাছে এমন তথ্য নেই। তবে কর্মীরা অনেক সময় নিজেরা গাড়ি ভাড়া করে’।
শেষ দিনে গণসংযোগসহ কয়েকটি পথসভা করেছেন এই প্রার্থী। বেশিরভাগ পথসভার সময় রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় নেতাকর্মীরা। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরতিহীনভাবে তিনি প্রচার অব্যাহত রাখেন। সে সময় তার একাধিক মিছিলে অ্যাম্বুলেন্সেকেও সাধারণ যানবাহন হিসেবে ব্যবহার করতে দেখা যায়।
এছাড়া মাগুরা প্রতিনিধি জানান, গতকাল দুপুরে মাগুরা ১ আসনের মহাজোট প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের প্রচারণায় অ্যাম্বুলেন্স র্যালি হয়েছে। অ্যাম্বুলেন্স মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার এরশাদ হোসেন মাগুরা প্রতিনিধিকে জানান, রোগীদের যেন সমস্যা না হয় এমন হিসাব করে আমরা ৩০ মিনিটের র্যালি করেছি।
