যশোরের প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারের সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তার পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম। যশোর-৩ (সদর) আসন থেকে অমিত এবার ধানের শীষের প্রার্থী। রাজনীতির মাঠে অভিজ্ঞ হলেও ভোটের লড়াইয়ে এবারই প্রথম মেধাবী এই তরুণ।
নতুন প্রার্থী হলেও নির্বাচনের মাঠে অভিজ্ঞ দাবি করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমি প্রার্থী হিসেবে নতুন তবে ভোটের মাঠে নতুন নই। অন্তত তিনটি সংসদ নির্বাচন, তিনটি পৌরসভা ও দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে মানুষের সঙ্গে আমার সম্পর্ক সেই ছোটবেলা বেলা থেকে।’
নির্বাচনী প্রচারে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন জানিয়ে দেশ রূপান্তরকে বলেন, ‘তবে এবার নিজের নির্বাচনে প্রচারণায় নেমে যে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি,তা সকল অভিজ্ঞতাকে হার মানিয়েছে। আর আবাল বৃদ্ধ বনিতা সকলের যে ভালোবাসা, দোয়া ও সম্মান পেয়েছি তা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাকে আরও শক্তিশালী করেছে।’
অমিত বলেন, ভোটারদের উদ্দেশ্যে বলেছি, আপনাদের নিজের অধিকার বুঝে নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে ভোট কেন্দ্রে যাবেন। এদেশ শুধু আপনাদের নয়, আপনিই বাংলাদেশ।
নতুন এ প্রার্থী নির্বাচিত হলে যশোরের রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি, যশোরের একটা ঐতিহ্য ছিল, তা হচ্ছে রাজনৈতিক সহনশীলতা। কিন্তু গত ১০ বছরে তা ভূলুণ্ঠিত হয়েছে। যশোরকে এখন সকলের কাছে অপরিচিত লাগে। আমি সেই পরিচিতি ফিরিয়ে দিতে চাই।
প্রার্থী জানান, ১৯৭৫ সালে জন্ম নেওয়া অমিত শিক্ষাজীবনের সর্বত্র মেধার স্বাক্ষর রেখেছেন। যশোরে প্রাথমিক শিক্ষার পর তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যশোর বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় স্থান করে নেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি (প্রাণরসায়ন ও অনুপ্রাণ) বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যশোরের একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে তার সম্পৃক্ততা রয়েছে।
