শরীয়তপুর সদর উপজেলার সুবচনি বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের দিনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় সুবচনী বাজারে সংঘর্ষে লিপ্ত হয় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপ।
এ সময় রামদা, টেঁটা, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় একঘণ্টা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে ১৮ রাউন্ড শটগানের ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালি বলেন, রুদ্রকর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শহীদুল সিকদার, মফিজ সিকদার ও ৫নং ওয়ার্ডের বিল্লাল গাজির সঙ্গে টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষ হয়। তারা সবাই আওয়ামী লীগ কর্মী।
শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ফাঁকা গুলি চালায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, দোষীদের চিহ্নিত করার জন্য তদন্ত চলছে।
