কুমিল্লায় ডিবি ও থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল আদর্শ সদর উপজেলার জোড়ামেহের গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী বলে জানান কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ৩’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ওসি নাছির উদ্দিন জানান, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সাইফুল ও তার সহযোগীরা মনাগ্রাম এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ মনাগ্রাম এলাকায় অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সাইফুল গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর রাত ১২টার দিকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, ‘নিহত সাইফুল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ৫টি মামলা রয়েছে। আহত পুলিশ সদস্যদের কুমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্র-আসক এর মতে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সারা দেশে চালানো অভিযানে গত বছরের ১৫ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত র্যাব-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২৭৬ জন নিহত হন।
২০১৮ সালের প্রথম ১০ মাসে দেশে সব মিলিয়ে ৪৩৭ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই সময়ের মধ্যে গুমের শিকার হয়েছেন ২৬ জন। তার আগের বছর এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ১২৬।
