সাবেক প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করায় অনুপমের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১২:৩৭ পিএম

ভারতের সাধারণ নির্বাচনের আগে মুক্তি পাচ্ছে কংগ্রেস থেকে মনোনীত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনী নির্ভর সিনেমা ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। সে ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে মামলার শিকার হলেন অনুপম খের। পাশাপাশি অন্য অভিনেতার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিশিষ্ট ব্যক্তিদের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে মামলা দায়ের হয়েছে বিহারের একটি আদালতে।

মামলাটি গ্রহণ করে আদালত জানিয়েছে, ৮ জানুয়ারি সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি হবে।

মোজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ওই মামলা দায়ের করেন আইনজীবী সুধীর কুমার ওঝা।

তিনি অভিযোগ করেন, “সিনেমায় মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করা অনুপম খের ও মনমোহনের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বাড়ুর চরিত্রে অক্ষয় খান্না দুই ব্যক্তিত্বেরই ভাবমূর্তি নষ্ট করেছে। যা আমিসহ আরও অনেককে আঘাত করেছে।”

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, তার ছেলে-মেয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকেও দেখানো হয়েছে সিনেমায়। ওই সব চরিত্রে যারা অভিনয় করেছেন, তারাও গান্ধী পরিবারের সদস্যদের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে অভিযোগ করা হয়েছে পিটিশনে।

অভিযোগ দায়ের করা হয়েছে ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত