খুবিতে নবীন শিক্ষকদের প্রশিক্ষণ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০৯:৫৯ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) নবীন শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী ‘টিচিং অ্যান্ড লার্নিং’ প্রশিক্ষণ চলছে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে এ প্রশিক্ষণের আয়োজন করে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল)। প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

উপাচার্য বলেন, ‘বর্তমান সরকারের আমলেই দেশে প্রথম উচ্চশিক্ষার মানোন্নয়নের বিষয়টি অনুধাবন ও বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের উচ্চশিক্ষার গুণগত পরিবর্তনে হেকেপ প্রকল্প গ্রহণ করা হয়। গত ১০ বছরে এ লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ হয়েছে এবং এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এ বিষয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর ধরে হেকেপ প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন পরিবর্তন প্রচেষ্টায় দৃশ্যত অনেক পরিবর্তন সাধিত হয়েছে। এ প্রচেষ্টা অব্যাহত থাকলে আমরা শিগগিরই এ ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করতে পারব।’

অনুষ্ঠানে সিইটিএলের পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন ইউজিসির কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের সাবেক প্রধান খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইটিএলের উপপরিচালক ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন নবীন শিক্ষক অংশ নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত