ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ পাইবাস

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১২:০৫ পিএম

ওয়েস্ট ইন্ডিজ দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এক সময় বাংলাদেশ দলে কোচের দায়িত্ব পালন করে যাওয়া রিচার্ড পাইবাস। তার অধীনে চলতি বছর বিশ্বকাপসহ অনেকগুলো সিরিজ খেলবে ক্যারিবীয় দল।

স্টুয়ার্ট ল দায়িত্ব ছাড়ার পর নিক পোথাস ওয়েস্ট ইন্ডিজ দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছিলেন। জোরালো গুঞ্জন ছিল, পাইবাস হতে পারেন দলটির পরবর্তী কোচ। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তা নিশ্চিত করল উইন্ডিস ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

২০০৮-০৯ ও ২০১০-১১ মৌসুমে বর্ষসেরা সাউথ আফ্রিকান কোচ পাইবাস এর আগে পাকিস্তান ও বাংলাদেশে কোচের দায়িত্ব পালন করেছেন। তার বাংলাদেশ অধ্যায়টা মোটেও সুখকর ছিল না। চুক্তি নিয়ে বিতর্কের জের ধরে পাঁচ মাসের মাথায় দায়িত্ব ছাড়েন ইংল্যান্ডে জন্ম নেওয়া ও বড় হওয়া পাইবাস।

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলের পরিচালক হিসেবে নিয়োগ পান পাইবাস। তিন বছর এই দায়িত্বপালন শেষে বিরতি নেন। গত বছরের ফেব্রুয়ারিতে আবারও ফেরেন একই দায়িত্বে।

ওয়েস্ট ইন্ডিজ কোচের দায়িত্ব পাওয়ার পর পরই কঠিন পরীক্ষার সামনে পড়তে যাচ্ছেন পাইবাস। চলতি মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

এরপর আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজ খেলার পর ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাবে পাইবাসের দল। জুলাই-অগাস্টে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।

ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হিসেবে কাজ শুরু করতে মুখিয়ে আছেন ৫৪ বছর বয়সী পাইবাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত