নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল-বাগডাঙ্গা গ্রামের একটি ঘাসের ক্ষেত থেকে হাজেরা বেগম নামে ১১০ বছরের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মৃতদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
লোহাগড়া থানার ওসি প্রবীর বিশ্বাস জানান, সারোল-বাগডাঙ্গা গ্রামের মৃত আমির হোসেন খানের স্ত্রী বৃদ্ধা হাজেরা বেগম শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। মাঝ রাতে দুর্বৃত্তরা বাড়ির পশ্চিমে পুকুর সংলগ্ন একটি জমিতে নিয়ে জবাই করে হত্যা করে।
নিহতের পুত্রবধূ লইলি বেগম দেশ রূপান্তরকে বলেন, ‘আমার শাশুড়ি তিন বছর ধরে চলাফেরা করতে পারে না। দক্ষিণ পোতার টিনের ঘরে শাশুড়ি ও আমার ভাইয়ের ছেলে আল আমিন ঘুমিয়ে ছিলেন। আল-আমিন মাঝরাতে উঠে আমার শাশুড়িকে দেখতে না পেয়ে আমাদের ডেকে ওঠায়। আমরা খোঁজ করে শ্বাশুড়িকে না পেয়ে আশেপাশের লোকজন ডাক দেই।
তিনি বলেন, বহু খোঁজ করার পর বাড়ির পাশের পুকুরের পশ্চিমপাড়ে ঘাস লাগানো একটি জমিতে জবাই করা অবস্থায় দেখতে পাই। খুনিরা ঘরের কাঠের বেড়ার একটি তকতা খুলে সেখান দিয়ে ভীতরে প্রবেশ করে দরজা খুলে আমার শাশুড়িকে বের করে নিয়েছে। কারা এমন সর্বনাশ করলো জানি না। আমরা এর বিচার চাই।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদেরও গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
