নির্বাচনের সময় আরো নারীকে নির্যাতন করা হয়েছে: আফরোজা আব্বাস

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০৪:৪৪ পিএম

একাদশ জাতীয় নির্বাচনের সময় অনেক নারী নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নোয়াখালীর সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূর কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের ঘরে নিরাপত্তা চাই।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সুবর্ণচরে ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

আফরোজা আব্বাস বলেন, আমরা শুনেছি সেই ঘটনার সাতজন গ্রেপ্তার হয়েছে। আমরা চাই তাদের ফাঁসি দেওয়া হোক। একটি ঘটনা ঘটলে সরকার আরেকটি ঘটনা ঘটিয়ে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সেটা যেন এবার না হয়।

ঢাকা-৯ আসনের পরাজিত এই বিএনপি প্রার্থী বলেন, ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন হলো। এই নির্বাচনে প্রত্যেক নারী প্রার্থীর ওপর হামলা হয়েছে। আমার ওপর ১০ বার হামলার চেষ্টা হয়েছে সেটা আপনারা দেখেছেন।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, একের পর এক নারী ধর্ষণ, যৌন নির্যাতন ও শিশু নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় বাংলাদেশের নারী সমাজ বিপদগ্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়েছে। তারপরেও তাদের উল্লাস থামে নাই।

তিনি আরো বলেন, 'যারা আজ বিনা ভোটে জোর নির্বাচিত হয়েছেন, তাদের ভেতর অপরাধবোধ বলতে কিছু নাই। তারা সবাই অপরাধী।'

পুলিশ বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনাদের মা-বোন আছে, আপনাদের বিবেক আছে, মানবতাবোধ আছে। সেই মানবতাবোধ থেকে আপনারা দেখবেন একজন সন্ত্রাসীও যেন পালাতে না পারে। সুবর্ণচরে এই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাদের আপনারা আইনের আওতায় আনবেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শামসুন নাহার, মহিলা দলের নেত্রী শাহিদা রফিক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত