গত বছর সবচেয়ে বেশি রোহিঙ্গাকে গ্রেপ্তার করে ভারত

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১০:১৫ এএম

ভারত ২০১৮ সালে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। এসময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ওপর জোর দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল ঝুঁকির মুখে।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চার বছরে প্রায় ৪৭৮ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে বিএসএফ। এর মধ্যে কেবল ২০১৮ সালেই ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২০১৫ সালে ৫৪ জন, ২০১৬ সালে ৭১ জন আর ২০১৭ সালে ১২৩ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।

গত ১ জানুয়ারি পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এআইএডিএমকে দলের সদস্য কে গোপালের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বাংলাদেশ-ভারত সীমান্তে দায়িত্ব পালন করা জ্যেষ্ঠ বিএসএফ কর্মকর্তারা জানান, ২০১৭ সালের আগস্টের পর থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালানোর পর সীমান্তে বিপুলসংখ্যক রোহিঙ্গার ঢল নামবে বলে আশঙ্কা করা হয়েছিল।

তবে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ বিশেষ আশ্রয়শিবির তৈরি করায় সীমান্ত অতিক্রম করে তারা ভারতে প্রবেশের চেষ্টা করেনি বলে দ্য হিন্দুকে জানান এসব কর্মকর্তা।

বিএসএফ কর্মকর্তারা আরও জানান, ৪৭৮ রোহিঙ্গার সবাইকে কেবল ভারতে প্রবেশের সময় গ্রেপ্তার করা হয়নি। বরং কিছু সংখ্যক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে ভারত ছাড়ার সময়।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গারা রয়েছে। এর মধ্যে মাত্র ১৬ হাজার জাতিসংঘে নিবন্ধিত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত