সৌদি নারীদের না জানিয়ে তালাক দেওয়া নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছে সরকার। রবিবার থেকে কার্যকর হওয়া এ নির্দেশনা অনুযায়ী, তালাক নিশ্চিত হওয়ার বিষয়টি খুদেবার্তার মাধ্যমে নারীদের জানাতে হবে আদালতের।
বিবিসি জানায়, সৌদিতে স্ত্রীদের না জানিয়েই বিবাহবিচ্ছেদ করা হতো। নতুন সিদ্ধান্তের পর এ বিষয়টি বন্ধ হবে বলে মনে করছেন নারী আইনজীবীরা। সরকারি নির্দেশনার ফলে নারীরা তাদের বৈবাহিক অবস্থা নিয়ে পুরোপুরি ওয়াকিবহাল থাকবেন। একই সঙ্গে তারা বিচ্ছেদের পর ভরণপোষণ পাওয়ার অধিকারের সুরক্ষাও পাচ্ছেন।
কয়েক দশক ধরে চলা সৌদি নারীদের ওপর গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় গত বছর। কিন্তু এখনো দেশটির নারীদের পুরুষ অভিভাবক আইন মানতে হচ্ছে। এমন বাস্তবতায় বিচ্ছেদের নতুন নির্দেশনার বিষয়ে সৌদির আইনজীবী নাসরিন আল-গামদি ব্লুমবার্গকে বলেন, ‘নতুন ব্যবস্থার ফলে তালাকের পর নারীরা (ভরণপোষণের) অধিকার পাবেন। এ ছাড়া এটি তালাকের আগে পাওয়ার অব অ্যাটর্নির অপব্যবহার রোধ করবে।’ আরেক আইনজীবী সামিয়া আল-হিন্দি স্থানীয় সংবাদপত্র ওকাজকে বলেন, এর আগে অনেক নারীই না জানিয়ে তালাকের বিষয়ে আদালতে আবেদন করেছেন। নারীদের বৈবাহিক সম্পর্কের বিষয়ে আসা এ নির্দেশনা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের অংশ হিসেবে মনে করা হচ্ছে। এর আগে তার পরিকল্পনার অংশ হিসেবে নারীদের ফুটবল ম্যাচে যাওয়া এবং প্রথাগতভাবে পুরুষদের জন্য বিবেচিত চাকরিগুলোতে যোগদানে বৈধতা দেওয়া হয়।
