‘ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার’

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১০:০৯ এএম

ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্য মিত্রদের নিরাপত্তা ‘পুরোপুরি নিশ্চিত’ হওয়ার পরই উত্তর-পূর্ব সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ‘ধীরগতির’ বিষয়ে এ ইঙ্গিত দিয়েছেন বলে জানায় আলজাজিরা।

সিরিয়ায় কথিত ইসলামিক স্টেট-আইএস পুরোপুরি পরাজিত হলেই মার্কিন সেনা প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়ে রোববার সাংবাদিকদের একথা বলেন তিনি।

একই সঙ্গে মার্কিন মিত্র কুর্দিদের নিরাপত্তার বিষয়ে তুরস্কের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তাও শর্ত হিসেবে জুড়ে দেন জন বল্টন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আইএস পরাজিত হলে, পুনরায়ে তাদের উত্থানের সামর্থ্য না থাকলে এবং হুমকি হিসেবে দেখা না দেওয়ার’ বিষয়টি নিশ্চিত হলেই (সিরিয়া থেকে) সেনা সরিয়ে নেওয়া হবে।’

‘এবং ইসরায়েল ও আমাদের এই অঞ্চলের মিত্র যারা আমাদের সঙ্গে থেকে আইএস এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছে, তাদের প্রতিরক্ষা নিশ্চিত হলেই সেনা সরিয়ে নেওয়া হবে’ যোগ করেন জন বল্টন।

গত ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হয়েছিল, কয়েক সপ্তাহের মধ্যেই সেনাদের সরিয়ে নেওয়া হবে। তবে সহযোগী, মিত্র এবং মার্কিন কংগ্রেসের অনুরোধে পরে ধীরেসুস্থে সেনা প্রত্যাহারে সম্মত হন তিনি।

সেনা প্রত্যাহার বিলম্বিত হওয়ার বিষয়ে এই প্রথম প্রকাশ্যে কোনো মন্তব্য করলেন বল্টন। এর একদিন আগে তার সফরসঙ্গী সাংবাদিকদের তিনি বলেন, সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত