শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে ফুল দিয়ে বিদায় জানিয়েছেন কর্মকর্তারা। গতকাল সোমবার দুই মন্ত্রীকে বিদায় জানাতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সচিব, উপসচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমার যে কৃতিত্ব তা আপনাদের সবার। আমি যা নই, তার চেয়ে বেশি দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রী এ কৃতিত্বের অধিকারী করেছেন। তিনি দায়িত্ব দিয়েছেন বলেই এই কৃতিত্ব।’ নতুন শিক্ষামন্ত্রী সম্পর্কে তিনি বলেন, ‘ডা. দীপু মনি একজন অভিজ্ঞ বিচক্ষণ মানুষ। শিক্ষা পরিবারের যে অগ্রগতি তা তিনি এগিয়ে নিয়ে যাবেন। গত ১০ বছরের সফলতার ধারাবাহিকতা রক্ষা করবেন।’ পরে মন্ত্রণালয়ের দুই বিভাগ, ঢাকা শিক্ষা বোর্ড, এনসিটিবিসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা নাহিদকে ফুল দিয়ে বিদায় জানান।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া জাকির হোসেনের বিষয়ে সদ্য বিদায়ী প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘উনি অনেক অভিজ্ঞ মানুষ। আপনারা নতুন মন্ত্রীকে সহযোগিতা করবেন, যাতে অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত থাকে।’ অনুষ্ঠান শেষে মন্ত্রণালয় ও এর অধীন অধিদপ্তর-সংস্থার প্রধানরা ফিজারকে ফুলের তোড়া তুলে দেন।
