অস্ট্রেলিয়ায় কনসুলেটগুলোতে ‘সন্দেহজনক প্যাকেজ’

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১২:৩৪ এএম

অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও মেলবোর্নে বেশ কয়েকটি দেশের কনসুলেটে ‘সন্দেহজনক প্যাকেজ’ পাওয়ার ঘটনার তদন্ত করছে দেশটির পুলিশ। শহরজুড়ে ‘বেশ কয়েকটি ঘটনায়’ তাদের ডাক পড়েছে বলে মেলবোর্ন মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড জানিয়েছে। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ বলছে, ওই প্যাকেজগুলো জরুরি ভিত্তিতে নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার পারিপার্শ্বিকতাও তদন্ত করে দেখা হচ্ছে।

প্যাকেজগুলো বিপজ্জনক মনে না হলেও ওই বস্তুগুলো নথিবদ্ধ করার সময় এবং আরও পরীক্ষার জন্য সেগুলোকে দুটি বা তিনটি ব্যাগের ভেতরে রাখার সময় পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী ও ফরেনসিক দলের সদস্যদের কৃত্রিম শ্বাসযন্ত্র পরতে বলা হয়েছে। মেলবোর্ন রাজ্য পুলিশ বলছে, ঘটনাগুলোকে ‘লক্ষ্যভিত্তিক’ বলেই মনে হচ্ছে। ‘এতে সাধারণের ওপর প্রভাব ফেলার উদ্দেশ্য ছিল না’।

ভারত, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ইতালি, ফ্রান্স, গ্রিসসহ বিভিন্ন দেশের অন্তত ১৪টি কনসুলেটে এ সন্দেহজনক প্যাকেজ পাওয়া গেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশন। যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান কনসুলেটেও এ ধরনের প্যাকেজ এসেছে, দূতাবাসগুলোর কর্মীদের বরাত দিয়ে জানিয়েছে এএফপি, বিবিসি ও রয়টার্স।

গত সোমবার সিডনিতে আর্জেন্টিনার কনসুলেটেও এ ধরনের একটি প্যাকেজে সাদা রঙের পাউডার পাওয়া যায়। তার দুদিনের মাথায় এক ডজনের বেশি কনসুলেটে সন্দেহজনক এ প্যাকেজ মিলল। সিডনিতে পাওয়া ওই পাউডার ‘বিষাক্ত ছিল না’ বলে পরে নিশ্চিত হওয়া গেছে। মেলবোর্নে সুইজারল্যান্ডের কনসুলেটে পাঠানো প্যাকেজে ‘অ্যাজবেস্টজ’ শিরোনামের একটি ছোট খামের ভেতর কিছু পাউডার পাওয়া গেছে বলে সেখানকার অনারারি কনসাল ম্যানুয়েলা এর্বের স্বামী পিটার এর্ব জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত