ইয়েমেন সেনাবাহিনীর প্যারেড চলাকালীন শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির লাহাজ প্রদেশের আল-আনাদ জেলার এক সামরিক ঘাঁটিতে এ হামলা চালায় হুথিরা।
রয়টার্স জানায়, আল-আনাদের এক সামরিক ঘাঁটিতে প্যারেড চলার সময় ড্রোন চালিয়ে বড় ধরনের হামলা চালায় বিদ্রোহীরা। এতে বিস্ফোরণে পুরো এলাকা প্রকম্পিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় ইয়েমেন সেনাবাহিনীর ডেপুটি চিফসহ উর্ধ্বতন বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা গুরুতর আহত হন।
সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া টিভি জানায়, এ ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা বহু। হুথি নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মাসিরাহ জানায়, বাইরের শক্তির সামরিক নেতৃবৃন্দকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালে ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে ক্ষমতা থেকে সরিয়ে রাজধানী সানা দখল করে নেওয়ার পর এই গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি জোট।
হুথিদের লক্ষ্য করে সৌদি জোটের হামলায় নিহত বেশিরভাগই বেসামরিক মানুষ। এই যুদ্ধে এ পর্যন্ত ২ হাজার ২০০ শিশুসহ ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধের কারণে আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্র এ দেশ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে।
