গোল করায় রামোসের ‘সেঞ্চুরি’

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৩:১১ পিএম

কোপা দেল রে’র ম্যাচে লেগানেসের বিপক্ষে একবার জালের দেখা পেয়ে দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোস। ক্লাব ও জাতীয় দলের হয়ে গোল করায় ‘সেঞ্চুরি’ করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধরার রাতে প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে লেগানেসকে ৩-০ গোলে হারায় রিয়াল। বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি পেশাদার ক্যারিয়ারে গোল করায় তিন অঙ্ক স্পর্শ করেন রামোস।

দ্বিতীয়ার্ধে লুকাস ভাসকেস ও ভিনিসিউস জুনিয়র একটি গোল করলে বড় জয় নিশ্চিত হয় স্পেনের সবচেয়ে সফল ক্লাব রিয়ালের।

রামোসের ১০০টি গোলের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৮০ গোল, স্পেনের হয়ে করেছেন ১৭ গোল। আর ক্যারিয়ারের শুরুতে সেভিয়ার হয়ে করেছেন তিন গোল।

রিয়ালের হয়ে বেশ কয়েকটি শিরোপা নির্ধারণী ম্যাচে গোলের দেখা পেয়েছেন রামোস। গোল করেছেন ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আটলেতিকো মাদ্রিদের বিপক্ষে। গোলের দেখা পান ২০১৬ সালে ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টাইব্রেকারে। এছাড়া গোল করেন ২০১৪ ও ২০১৮ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে।

ক্লাব ফুটবলে রামোস সবচেয়ে বেশি ৫৭ গোল পেয়েছেন স্পেনের সর্বোচ্চ লিগ লা লিগায়। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১১ গোল; পাঁচ গোল করেছেন কোপা দেল রেতে, তিনটি গোল ক্লাব বিশ্বকাপে। দুটি করে গোল করেছেন ইউরোপিয়ান ও স্প্যানিশ সুপার কাপে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত