ঢাকার ডেমরায় ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ দুই শিশুকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডেমরার স্টাফ কোয়ার্টার ও কোনাপাড়া এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে স্থানীয় স্কুলের শিক্ষার্থী ও নিহতদের স্বজনরাও অংশ নেন।
নিহত শিশু দোলার বাবা ফরিদুল ইসলাম ও মা পারভীন আক্তারও কর্মসূচিতে অংশ নেন। অপর নিহত শিশু নুশরাতের বাবা মো. পলাশ দেশ রূপান্তরকে বলেন, ‘মেয়েকে হারিয়ে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। গ্রামের বাড়িতে দাফনের পর সেখানেই আছি।’ বিক্ষোভে এলাকাবাসীর সঙ্গে তার আত্মীয়স্বজন অংশ নেন বলে জানান। মোবাইল ফোনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মেয়ে তো আর পাব না। এখন একটাই অনুরোধ, ওই পিশাচের যেন দ্রুত ফাঁসি হয়।’
